মিডিয়া ছেড়ে দ্বীনের পথে শিশুশিল্পী লুবাবা
শিশুশিল্পী হিসেবে অল্প বয়সেই দর্শকপ্রিয়তা পাওয়া সিমরিন লুবাবা মিডিয়া জগতকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত কাজ করলেও সম্প্রতি তিনি সম্পূর্ণ ভিন্ন জীবনধারার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
সংস্কৃতিচর্চায় সমৃদ্ধ পরিবারে বেড়ে ওঠা লুবাবার দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণায় খুব ছোট বয়সেই অভিনয়ে যুক্ত হন তিনি। নাটক, বিজ্ঞাপন ও মডেলিংয়ে সরব উপস্থিতির মাধ্যমে অল্প সময়েই শিশুশিল্পী হিসেবে পরিচিতি পান।
তবে এখন আর তাকে ক্যামেরার সামনে দেখা যাবে না। লুবাবা নিজ সিদ্ধান্তে মিডিয়া থেকে সরে দাঁড়িয়েছেন এবং ধর্মীয় জীবনধারায় মনোনিবেশ করেছেন। ইতোমধ্যে তিনি নেকাব পরা শুরু করেছেন, যার ফলে অভিনয় বা মডেলিংয়ে ফেরার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন তার পরিবার।
লুবাবার মা জাহিদা ইসলাম জেমি বলেন, এই সিদ্ধান্তে পরিবারের কোনো চাপ নেই। লুবাবা নিজেই উপলব্ধি করেছে যে সে আর মিডিয়ায় কাজ করতে চায় না। ধর্মীয় বই পড়া ও কোরআন অধ্যয়নের মধ্য দিয়েই তার চিন্তাধারায় এই পরিবর্তন এসেছে।
তিনি আরও জানান, লুবাবা কোরআন খতম দিয়েছে এবং নিয়মিত বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও হাদিস অধ্যয়ন করছে। এসব চর্চাই তাকে নতুন জীবনপথে অনুপ্রাণিত করেছে।
তবে পুরোপুরি জনজীবন থেকে বিচ্ছিন্ন হচ্ছেন না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সীমিত পরিসরে কিছু সচেতনতামূলক বা প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত থাকতে পারেন, সেক্ষেত্রে নেকাব পরেই অংশ নেবেন বলে পরিবার জানিয়েছে।
এদিকে, পরিবার সূত্রে জানা গেছে, আগামী রমজানে ওমরাহ পালনেরও পরিকল্পনা রয়েছে লুবাবার। ইবাদতের মাধ্যমে নতুন অধ্যায় শুরু করতে চান এই কিশোরী শিল্পী।


