আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

খেলাধুলা
আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের
নিউজ ডেস্ক
৩ জানুয়ারি ২০২৬

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে মুস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কেকেআরকে অনুরোধ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মুস্তাফিজকে নিয়ে রাজনৈতিক বিতর্ক ও চাপের মুখে বোর্ড এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। শুরুতে পরিস্থিতি পর্যবেক্ষণের নীতি অনুসরণ করা হলেও শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটিকে বিকল্প খেলোয়াড় বেছে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবজিৎ সাইকিয়া বলেন, ‘সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে কেকেআরকে তাদের স্কোয়াডে থাকা বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই।’ তিনি আরও জানান, প্রয়োজনে নতুন খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে বোর্ড অনুমতি দেবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মুস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়। উত্তর প্রদেশের বিজেপির এক নেতা এবং কয়েকজন কথিত আধ্যাত্মিক গুরু কেকেআরের কর্ণধার বলিউড অভিনেতা শাহরুখ খানের বিরুদ্ধে তীব্র মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ডিসেম্বরের আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এর মাধ্যমে আইপিএলের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েন বাঁহাতি এই পেসার।