ওটিটিতে অনুপস্থিত কেন, নিজের ‘বদনাম’ নিয়ে মুখ খুললেন শামীম

বিনোদন
ওটিটিতে অনুপস্থিত কেন, নিজের ‘বদনাম’ নিয়ে মুখ খুললেন শামীম
নিউজ ডেস্ক
৪ জানুয়ারি ২০২৬

আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা অভিনেতা শামীম হাসান সরকার ইউটিউবভিত্তিক নাটকে নিয়মিত দর্শকপ্রিয়তা পেলেও এখনো ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিতভাবে কাজ করছেন না। বিষয়টি নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শামীম জানান, ওটিটি প্ল্যাটফর্মে কাজ না পাওয়ার পেছনে মূলত যোগাযোগের ঘাটতি ও তার নামে ছড়ানো নেতিবাচক ধারণাই বড় কারণ। তার ভাষায়, ওটিটির সঙ্গে যুক্ত অনেক নির্মাতা ও টিমের সঙ্গে ব্যক্তিগত পরিচয় বা নিয়মিত আড্ডা না থাকায় কাজের সুযোগ তৈরি হয়নি, যা তিনি নিজের সীমাবদ্ধতা হিসেবেই দেখেন।

শামীম হাসান সরকার বলেন, দীর্ঘদিন ধরেই তার নামে বিভিন্ন ধরনের বদনাম প্রচলিত রয়েছে। বিশেষ করে ২০১৮ সালের দিকে ইউটিউবকেন্দ্রিক নাটকে নিয়মিত কাজ করায় একটি মহল তাকে ‘ইউটিউবার’ আখ্যা দিয়ে ছোট করার চেষ্টা করেছে। একই গল্প ঘুরেফিরে ছড়িয়ে তাকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ অভিনেতার দাবি, এসব নেতিবাচক প্রচারের পেছনে কখনো কখনো নিজের সহকর্মীরাও জড়িত ছিলেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বাজারমূল্য ক্ষতিগ্রস্ত করার চেষ্টাও হয়েছে। তবে তিনি মনে করেন, সৎভাবে কাজ করে গেলে এসব বিষয় দীর্ঘমেয়াদে খুব বেশি প্রভাব ফেলতে পারে না।

শামীম আরও জানান, সাম্প্রতিক কয়েক মাসে তার বিরুদ্ধে তেমন কোনো নেতিবাচক কথা শোনা যাচ্ছে না। এতে তিনি ইতিবাচক পরিবর্তন দেখছেন বলে মন্তব্য করেন।

কাজের ক্ষেত্রে গত মাসে ব্যস্ত সময় পার করেছেন শামীম হাসান সরকার। ‘আতা অ্যান্ড তোতা ব্রাদার্স’, ‘সার্টিফিকেট’সহ একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ‘কাশ্মীরি বউ’ নাটকে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন জেবা জান্নাত।