ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

খেলাধুলা
ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ
নিউজ ডেস্ক
৭ জানুয়ারি ২০২৬

নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করবে না বাংলাদেশ। সে কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের পরিবর্তে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবিতেই অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ।

বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ড পরিচালক ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আসিফ নজরুল বলেন, “আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা বিশ্বকাপ খেলতে চাই, তবে সেটা অবশ্যই সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায়। ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে আমরা দৃঢ় অবস্থানে আছি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, আইসিসির কাছে বাংলাদেশের অবস্থান ও যুক্তিগুলো স্পষ্টভাবে তুলে ধরা হবে এবং আশা করা হচ্ছে, আইসিসি নিরপেক্ষভাবে বিষয়টি বিবেচনা করবে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আইসিসির সঙ্গে পুনরায় যোগাযোগ করা হবে। তিনি বলেন, “আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা ভারতে যাচ্ছি না। বিষয়টি পরিষ্কার করতে আজ অথবা আগামীকাল আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে।”

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই দুই দেশের ক্রিকেট সম্পর্ক নিয়ে টানাপোড়েন শুরু হয়। রাজনৈতিক ও ধর্মীয় চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর মুস্তাফিজকে দলে না রাখার সিদ্ধান্ত নেয়। এর প্রতিবাদে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হয় এবং নিরাপত্তার অজুহাতে ভারতে বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করে বিসিবি।

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরুর কথা ছিল। গ্রুপ পর্বের আরও দুটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বিসিবি শুরু থেকেই ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। যদিও আইসিসি বিষয়টি নিয়ে কাজ করার আশ্বাস দিলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।