সুপারকোপা ফাইনাল, রিয়াল না বার্সেলোনা, কে ফেবারিট?
স্প্যানিশ সুপারকোপার ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রোববার (আজ রাত ১টা) সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ, যেখানে মৌসুমের প্রথম ঘরোয়া ট্রফি জয়ের লড়াইয়ে নামবে দুই জায়ান্ট। চলতি মৌসুমে এটি দুই দলের দ্বিতীয় ‘এল ক্লাসিকো’।
সেমিফাইনালে বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে, যেখানে রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে অ্যাটলেটিকো মাদ্রিদকে পরাজিত করে ফাইনাল স্পট নিশ্চিত করেছে।
টানা চতুর্থবারের মতো সুপারকোপা ফাইনালে মুখোমুখি হচ্ছে বার্সা ও রিয়াল। বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক বছরগুলোতে এই ট্রফি শুধু শিরোপা নয়, বরং মৌসুমের দ্বিতীয় ভাগের ধারা নিয়েও ইঙ্গিত দেয়। গত চার সুপারকোপা জয়ী দলই পরে লা লিগা জিতেছে।
অক্টোবরের ক্লাসিকোতে রিয়াল জয়লাভ করলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টেছে। হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচে জয় পেয়েছে এবং লা লিগার শীর্ষে চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে।
রাফিনহা, পেদ্রি এবং গোলরক্ষক হুয়ান গার্সিয়ার প্রত্যাবর্তন দলকে শক্তিশালী ও গতিময় করেছে। মাঝমাঠের নিয়ন্ত্রণ, আক্রমণের গতি এবং রক্ষণভাগের দৃঢ়তা— সব মিলিয়ে বার্সেলোনা ফাইনালে পূর্ণ শক্তিতে নামছে।
রিয়াল কোচ জাবি আলোনসোর জন্য ফাইনালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিসেম্বরে সেল্টা ভিগোর বিপক্ষে হারের পর তার দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। সাম্প্রতিক কয়েকটি জয় কিছুটা চাপ কমালেও দলের পারফরম্যান্স এখনও আশ্বাসদায়ক নয়।
চোট কাটিয়ে কিলিয়ান এমবাপে দলে ফিরেছেন, যা রিয়ালের আক্রমণে বড় শক্তি যোগ করেছে। এমবাপের ক্লাসিকোতে গোলের রেকর্ডও চমৎকার— পাঁচ ম্যাচে ছয় গোল।
তবে রিয়ালের সবচেয়ে বড় দুর্বলতা রক্ষণভাগ। রুডিগার ও মিলিতাও চোটের কারণে বাইরে থাকায় আলোনসোকে প্রয়োজনে মিডফিল্ডারদের দিয়ে ডিফেন্স সাজাতে হচ্ছে। ফলে বার্সেলোনার গতিময় আক্রমণের সামনে টিকে থাকা রিয়ালের জন্য বড় চ্যালেঞ্জ হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান ফর্ম, স্কোয়াড গভীরতা এবং আক্রমণশক্তির কারণে বার্সেলোনা ফাইনালে সামান্য এগিয়ে। গোলবন্যার ম্যাচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।


