ধানুশ–ম্রুণাল কি সত্যিই বিয়ের পথে?
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে প্রেমের গুঞ্জন নতুন নয়। গত বছর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চললেও এবার সেই জল্পনায় যোগ হয়েছে বিয়ের খবর, যা নিয়ে শোবিজ অঙ্গনে আবারও তোলপাড়।
একাধিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ধানুশ ও ম্রুণাল আগামী ১৪ ফেব্রুয়ারি বিয়ে করার পরিকল্পনা করছেন। গুঞ্জন অনুযায়ী, বিয়েটি হবে একান্তই ব্যক্তিগত আয়োজনে, যেখানে কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন।
২০২৫ সালের আগস্টে এক সাক্ষাৎকারে ম্রুণাল ঠাকুর স্পষ্ট করে জানিয়েছিলেন, ধানুশ তাঁর কাছে “শুধু একজন ভালো বন্ধু”। সেই বক্তব্যের পর কিছুদিন গুঞ্জন থেমে গেলেও সাম্প্রতিক কিছু ঘটনা আবারও আলোচনার আগুনে ঘি ঢেলেছে।
এর আগে বিভিন্ন অনুষ্ঠানে ধানুশ ও ম্রুণালকে একসঙ্গে দেখা যাওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিশেষ করে ‘সন অব সরদার ২’-এর বিশেষ প্রদর্শনীতে ধানুশকে চেন্নাই থেকে মুম্বাই উড়ে আসতে দেখা গেলে ভক্তদের কৌতূহল আরও বাড়ে। তবে সে সময় ম্রুণাল জানান, ধানুশকে আমন্ত্রণ করেছিলেন অজয় দেবগন—এটি কোনো ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত নয়।
তবুও ম্রুণালের জন্মদিনের পার্টিতে ধানুশের উপস্থিতি এবং সোশ্যাল মিডিয়ায় ম্রুণালের পক্ষ থেকে ধানুশের বোনদের ফলো করা—এসব বিষয় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ভারতীয় এক বিনোদনভিত্তিক গণমাধ্যম জানিয়েছে, “তারা ডেট করছেন, তবে সম্পর্কটি এখনও প্রাথমিক পর্যায়ে। আপাতত জনসমক্ষে তা প্রকাশ করার পরিকল্পনা নেই। তবে একে অপরের সঙ্গে সময় কাটাতে তারা স্বচ্ছন্দ।”
উল্লেখ্য, ধানুশ এর আগে নির্মাতা ঐশ্বরিয়া রজনীকান্তকে বিয়ে করেছিলেন। ২০২২ সালে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এবং ২০২৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। এই দম্পতির দুই সন্তান রয়েছে।
সব মিলিয়ে ধানুশ ও ম্রুণালের সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে। তবে বিয়ে কিংবা সম্পর্কের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।


