ভারতেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে, আবেদন নাকচ করল আইসিসি

খেলাধুলা
ভারতেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে, আবেদন নাকচ করল আইসিসি
নিউজ ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশের ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার অনুরোধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ দলকে ভারতে গিয়েই বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে।

বুধবার সন্ধ্যার পর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত নিরাপত্তা শঙ্কার কোনো বিশ্বাসযোগ্য ভিত্তি পাওয়া যায়নি। পাশাপাশি, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি বা ভেন্যু পরিবর্তন করাও বাস্তবসম্মত নয় বলে উল্লেখ করেছে সংস্থাটি।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলে বিষয়টি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসি বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিসিবির আবেদন পুরোপুরি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেয় আইসিসি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, স্বাধীন নিরাপত্তা সংস্থার মূল্যায়নসহ সব ধরনের নিরাপত্তা পর্যালোচনা শেষে বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশ দলের খেলোয়াড়, কর্মকর্তা, গণমাধ্যমকর্মী বা দর্শকদের জন্য কোনো যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই।

আইসিসি বোর্ড আরও জানায়, নির্ভরযোগ্য নিরাপত্তা ঝুঁকি ছাড়া সূচি পরিবর্তন করা হলে তা ভবিষ্যতে আইসিসি ইভেন্ট পরিচালনায় একটি নেতিবাচক নজির সৃষ্টি করবে, যা সংস্থার নিরপেক্ষতা ও সুশাসনের জন্য ক্ষতিকর হতে পারে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিষয়টি সমাধানে আইসিসি কর্তৃপক্ষ গত কয়েক সপ্তাহ ধরে বিসিবির সঙ্গে একাধিক বৈঠক ও চিঠিপত্র বিনিময় করেছে। এ সময় ভেন্যুভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পর্কেও বিসিবিকে বিস্তারিতভাবে অবহিত করা হয়।

আইসিসি আরও জানায়, বিসিবি একটি ঘরোয়া লিগে সংঘটিত বিচ্ছিন্ন একটি ঘটনার সঙ্গে বিশ্বকাপের নিরাপত্তা ইস্যুকে যুক্ত করেছে, যার সঙ্গে টুর্নামেন্টের সার্বিক নিরাপত্তার কোনো সরাসরি সম্পর্ক নেই।

সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণকারী ২০টি দলের জন্য একই নীতিমালা প্রযোজ্য। নিরাপত্তা ঝুঁকির প্রমাণ না থাকায় ম্যাচ স্থানান্তর করা হলে তা অন্যান্য দল, আয়োজক দেশ ও বিশ্বব্যাপী দর্শকদের জন্য বড় ধরনের লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি করবে।

শেষে আইসিসি পুনরায় জানায়, বিশ্ব ক্রিকেটের স্বার্থ, প্রতিযোগিতার ন্যায্যতা ও স্বচ্ছতা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই নীতির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।