ভারতে যাচ্ছে না বাংলাদেশ দল, চূড়ান্ত সিদ্ধান্ত জানালো সরকার
নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ—এই অবস্থানেই অনড় রয়েছে সরকার। আইসিসি সময়সীমা বেঁধে দিলেও এখনো ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেনি বাংলাদেশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে একাধিক দফা আলোচনা হলেও আইসিসি এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
আসিফ নজরুল বলেন, “গতকাল সন্ধ্যায়ও বাংলাদেশ সময় ভার্চুয়াল বৈঠক হয়েছে। কিন্তু আইসিসির পক্ষ থেকে কোনো স্পষ্ট অবস্থান পাওয়া যায়নি। আমরা এখনো সুবিচার পাইনি। তবে আশা করছি, আইসিসি বিষয়টি ন্যায্যভাবে বিবেচনা করবে।”
তিনি আরও জানান, ভারতে গিয়ে বিশ্বকাপ খেললে বাংলাদেশ দলের নিরাপত্তা ও অন্যান্য সম্ভাব্য ঝুঁকি কী হতে পারে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। “এটি বিসিবির সিদ্ধান্ত নয়, এটি সরকারের সিদ্ধান্ত,”—জোর দিয়ে বলেন ক্রীড়া উপদেষ্টা।
বাংলাদেশের এই অবস্থানের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসির সামনে নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।


