টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া উদ্বেগজনক: ডব্লিউসিএ
নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের পর বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। বাংলাদেশের খেলোয়াড়দের পাশে থাকার ঘোষণাও দিয়েছে সংগঠনটি।
ভারতে খেলতে নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে বিসিবি শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ করলেও আইসিসি তাতে সাড়া দেয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়েই টুর্নামেন্টের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
ডব্লিউসিএ’র প্রধান নির্বাহী টম মোফাট এক বিবৃতিতে বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানো আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একটি দুঃখজনক ঘটনা। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটীয় জাতি এই বৈশ্বিক আসর থেকে অনুপস্থিত থাকছে, যা খেলোয়াড় ও সমর্থকদের জন্য হতাশার।
তিনি আরও বলেন, ক্রিকেট তখনই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে যখন প্রতিটি দল ও খেলোয়াড় ন্যায্যতা, সম্মান এবং ধারাবাহিক সমর্থন পায়। সব দলের অংশগ্রহণ ও অবদানের মধ্য দিয়েই একটি টুর্নামেন্ট তার সেরা রূপ পায়।
ডব্লিউসিএ সাম্প্রতিক কিছু প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, চুক্তির শর্ত উপেক্ষা, খেলোয়াড়দের অধিকার ক্ষুণ্ন হওয়া এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে অর্থবহ আলোচনার অভাব বিশ্ব ক্রিকেটের পরিচালন কাঠামোর দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। এসব সমস্যা অব্যাহত থাকলে খেলাটির প্রতি আস্থা ও ঐক্য ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করে সংগঠনটি।
ক্রিকেটের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডব্লিউসিএ বলেছে, এই সময়টি আত্মপর্যালোচনার। বিভাজন ও বর্জনের পথ পরিহার করে শাসন সংস্থা, লিগ ও খেলোয়াড়দের একসঙ্গে কাজ করতে হবে, যাতে ক্রিকেটের দীর্ঘমেয়াদি সুস্বাস্থ্য ও বিকাশ নিশ্চিত করা যায়।
বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ডব্লিউসিএ জানায়, বিশ্বমঞ্চে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হারানো বাংলাদেশ দলের খেলোয়াড় ও তাদের সংগঠন কোয়াবের পাশে তারা থাকবে। একই সঙ্গে বিসিবি ও অন্যান্য অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে বিশ্ব ক্রিকেটকে আরও শক্তিশালী করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।


