ফরজ নামাজের পর হাত তুলে দোয়া কি বিদআত?

ধর্ম
ফরজ নামাজের পর হাত তুলে দোয়া কি বিদআত?
নিউজ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬

ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা নিয়ে মুসল্লিদের মধ্যে দীর্ঘদিন ধরে ভিন্নমত দেখা যায়। কেউ কেউ একে বিদআত বা নিষিদ্ধ মনে করলেও ইসলামি চিন্তাবিদ ও আলেমদের মতে, এ বিষয়ে ভুল বোঝাবুঝি রয়েছে।

আলেমরা বলছেন, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা ইসলামে নিষিদ্ধ নয়। তবে এটিকে নামাজের আবশ্যিক অংশ বা অবশ্যই পালনীয় মনে করাও সঠিক নয়। ফরজ নামাজ শেষে কেউ হাত তুলে দোয়া করলে নামাজ অসম্পূর্ণ হয় না, আবার হাত না তুলেও দোয়া করা জায়েজ।

ইসলামি ব্যাখ্যায় বলা হয়, একসময় কিছু মানুষ ফরজ নামাজের পর হাত তুলে দোয়াকে অপরিহার্য বা নামাজের অংশ মনে করতে শুরু করলে সে ধারণাকে সংশোধনের জন্য কিছু আলেম একে বিদআত হিসেবে উল্লেখ করেছিলেন। কিন্তু দোয়া নিজেই ইবাদত এবং তা বিভিন্নভাবে করা বৈধ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হাদিস শরিফে দেখা যায়, মহানবী হজরত মুহাম্মদ (সা.) নামাজ শেষে দোয়া করতেন। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, রাসুল (সা.) নামাজের পর আল্লাহর কাছে ভালো কাজের তওফিক, মন্দ কাজ থেকে দূরে থাকার শক্তি এবং দরিদ্রদের সঙ্গে বন্ধুত্ব কামনা করে দোয়া করতেন (সুনানে তিরমিজি)।

এ ছাড়া হজরত আনাস ইবনে মালেক (রা.) ও হজরত সাদ (রা.) থেকে বর্ণিত হাদিসগুলোতেও রাসুল (সা.)-এর নামাজ পরবর্তী দোয়ার কথা উল্লেখ রয়েছে, যেখানে তিনি দুনিয়ার ফিতনা, দারিদ্র্য ও কবরের আজাব থেকে আশ্রয় চেয়েছেন (সুনানে নাসাঈ)।

ইসলামি স্কলাররা মনে করেন, ফরজ নামাজের পর দোয়া করা সুন্নাহসম্মত ও বৈধ আমল। তবে এটিকে বাধ্যতামূলক মনে না করে স্বেচ্ছায় ও আন্তরিকতার সঙ্গে আদায় করাই সঠিক পথ।