রোজায় বড় টুর্নামেন্ট আয়োজনের পথে বিসিবি

খেলাধুলা
রোজায় বড় টুর্নামেন্ট আয়োজনের পথে বিসিবি
নিউজ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন জাতীয় দলকে মাঠের বাইরে না রাখার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের পর বিকল্প কর্মসূচি হিসেবে রোজার মধ্যেই একটি বড় ঘরোয়া ক্রিকেট আয়োজনের দিকে এগোচ্ছে বোর্ড।

বিশ্বকাপে না যাওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। ভারতের মাটিতে খেলতে গিয়ে জাতীয় দল, কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ভারতীয় উগ্রবাদী সংগঠনগুলোর হুমকি এবং সেই ইস্যুতে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা—সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এর সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আগুনে ঘি ঢালে।

এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার নীতিগতভাবে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। সরকারের অবস্থানের সঙ্গে একমত হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দেন। পরে আইসিসির একাধিক অনুরোধ সত্ত্বেও বাংলাদেশ নিজেদের অবস্থান পরিবর্তন করেনি। এর ফলে বাংলাদেশ বাদ পড়লেও স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশ্বকাপের সময় জাতীয় দল কী করবে—এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে নানা জল্পনা শুরু হয়। পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত সিরিজ এগিয়ে আনা বা পাল্টা সিরিজ আয়োজনের সম্ভাবনাও আলোচনায় আসে। তবে বিসিবি সূত্রে জানা গেছে, আপাতত আন্তর্জাতিক সিরিজ নয়, ঘরোয়া বড় একটি টুর্নামেন্ট আয়োজনের দিকেই মনোযোগ দিচ্ছে বোর্ড।

বুধবার বিসিবির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করে। সেখানে নির্বাচন-পূর্ব ও পরবর্তী সময়ে, বিশেষ করে রোজার মধ্যে ক্রিকেট আয়োজন করা হলে সরকার পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে কি না—সে বিষয়েই মূলত আলোচনা হয়।

বিসিবির নীতি-নির্ধারণী পর্যায়ের এক কর্মকর্তা জানান, বিশ্বকাপ না থাকায় জাতীয় দলের খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস ও প্রতিযোগিতার মধ্যে রাখতেই এই উদ্যোগ। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকলেও সরকার পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

সরকারের সম্মতির পর বিসিবি একটি জমকালো ক্রিকেট আসরের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বলে জানা গেছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বোর্ড সূত্র জানায়, এটি কোনো সাধারণ ঘরোয়া টুর্নামেন্ট নয়; জাতীয় দলের সব তারকা ক্রিকেটারকে নিয়ে বড় পরিসরের একটি আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকলেও বাংলাদেশের ক্রিকেট যে থেমে থাকবে না—এই বার্তাই দিতে চায় বিসিবি।