ঢাবিতে ২ হাজার ৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

শিক্ষা
ঢাবিতে ২ হাজার ৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
নিউজ ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রায় ২ হাজার ৮৪১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন বৃহৎ উন্নয়ন প্রকল্পের কার্যক্রম ও একাধিক অবকাঠামোগত উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব প্রকল্পের উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের জন্য ২১ তলা একাডেমিক ভবন, ১৫ তলা আইটি হাব, তৃতীয় শ্রেণির কর্মচারীদের আবাসিক ভবন, ৯টি আবাসিক হল, ৬টি একাডেমিক ভবন, কেন্দ্রীয় মসজিদ, ডাকসু ভবন, মেডিক্যাল সেন্টার, প্রশাসনিক ভবন, খেলার মাঠ উন্নয়ন, জিমনেসিয়াম, জলাধার সংস্কার, রোড নেটওয়ার্ক এবং পাবলিক টয়লেট নির্মাণ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনুষ্ঠানে উপাচার্য ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৪১টি উল্লেখযোগ্য কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন।

এদিকে, অনুষ্ঠানের পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ জানান, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৩ জন নেতার কাছ থেকে শোকজ নোটিশের জবাব পাওয়া গেছে। এসব জবাব শৃঙ্খলা পরিষদ ও সিন্ডিকেট সভায় উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার তদন্তে প্রথম দফায় ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। পরবর্তী তদন্তে আরও ৪০৩ শিক্ষার্থীর সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে। তাদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের লক্ষ্যে শোকজ নোটিশ জারি করা হয়েছে।