বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করলো পাকিস্তান
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনিশ্চয়তার অবসান হয়েছে। সরকারের সঙ্গে আলোচনা শেষে পাকিস্তান দলকে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমোদন দিয়েছে দেশটির সরকার। তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার এক বিবৃতিতে পাকিস্তান সরকার বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানায়, “পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। তবে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।”
এর আগে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ছিল পিসিবি। অবশেষে অনুমতি মিললেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত টুর্নামেন্টের গ্রুপ পর্বের সমীকরণে প্রভাব ফেলতে পারে এবং আইসিসির ভূমিকাও সামনে আসবে।


