দেনমোহর পরিশোধ না হলে দাম্পত্য সম্পর্ক কি বৈধ?
দেনমোহর শুধু বিয়ের সময় উল্লেখ করা একটি অঙ্ক নয়; এটি স্ত্রীর একটি শরিয়তপ্রদত্ত অধিকার। ইসলামে দেনমোহরের মূল উদ্দেশ্য হলো নারীকে সম্মান, নিরাপত্তা ও মর্যাদা দেওয়া। একজন পুরুষ যখন স্ত্রীকে ঘরে নিয়ে আসে, তখন তাকে সম্মানের সঙ্গে গ্রহণ করা এবং এমন উপহার দেওয়া জরুরি, যা তার মর্যাদা বৃদ্ধি করে—দেনমোহর তারই প্রতীক।
অনেকের মনে প্রশ্ন জাগে, দেনমোহর পরিশোধ না হলে দাম্পত্য সম্পর্ক কি বৈধ থাকে? এ বিষয়ে ফুকাহায়ে কেরাম স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।
ইসলামি ফিকহ অনুযায়ী, দেনমোহর এমন অঙ্কে নির্ধারণ করা উত্তম যা নগদ পরিশোধ করা সম্ভব। যদিও বিয়ের সময় নগদ দেনমোহর পরিশোধ না হলেও নিকাহ শুদ্ধ হয়ে যায়, তবে অবশ্যই পরিশোধের সময়সীমা নির্ধারণ করতে হবে। যদি সেটিও নির্ধারণ না করা হয়, তাহলে শরিয়ত স্ত্রীকে একটি গুরুত্বপূর্ণ অধিকার দিয়েছে—দেনমোহর আদায় না হওয়া পর্যন্ত তিনি স্বামীর কাছে নিজেকে অর্পণ করা থেকে বিরত থাকতে পারবেন। এ অবস্থাতেও স্বামী স্ত্রীর ভরণ-পোষণ বহনে বাধ্য থাকবেন।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন—
وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الۡمُؤۡمِنٰتِ وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکُمۡ اِذَاۤ اٰتَیۡتُمُوۡهُنَّ اُجُوۡرَهُنَّ مُحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ وَ لَا مُتَّخِذِیۡۤ اَخۡدَانٍ
আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হলো। যদি তোমরা তাদের দেনমোহর প্রদান করো বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়িনী গ্রহণকারী হিসেবে নয়। (সুরা মায়েদা. আয়াত: ৫)
এ বিষয়ে হাদিসেও কঠোর সতর্কতা এসেছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“যে ব্যক্তি দেনমোহর আদায় না করার নিয়তে কোনো নারীকে বিয়ে করে, অথচ আল্লাহ জানেন যে তার আদায়ের ইচ্ছা নেই—সে আল্লাহর সঙ্গে প্রতারণা করে এবং অন্যায়ভাবে নারীর লজ্জাস্থান ভোগ করে। কিয়ামতের দিন সে ব্যভিচারীরূপে উপস্থিত হবে।” (মুসনাদ আহমদ)
ফুকাহায়ে কেরাম আরও বলেছেন, দেনমোহর পরিশোধ করেই স্বামী স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যেতে পারবে। যদি স্বামী দেনমোহর আদায় না করে স্ত্রীকে নিতে চায় এবং স্ত্রী মোহর দাবি করে নিজ বাড়িতে অবস্থান করে, তাহলে স্ত্রী শুধু দেনমোহরই নয়—নিয়মিত ভরণ-পোষণ পাওয়ারও অধিকারী থাকবেন। কারণ তিনি তার ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যেই স্বামীর বাড়িতে যাচ্ছেন না। (নাফাকাত অধ্যায়)
এমনকি দেনমোহর আদায় না হওয়া পর্যন্ত স্ত্রী স্বামীর সঙ্গে যৌন সম্পর্ক, চুম্বন-আলিঙ্গন থেকে বিরত থাকতে এবং সফরে যেতে অস্বীকৃতি জানাতেও শরিয়তসম্মত অধিকার রাখেন। (দুররুল মুখতার)
উপরোক্ত আলোচনা থেকে স্পষ্ট হয়, দেনমোহর কোনো আনুষ্ঠানিকতা নয়; বরং এটি একজন স্ত্রীর অধিকার, যা কোরআন ও হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে নিশ্চিত করা হয়েছে। তাই দেনমোহর আদায়ে অবহেলা করা ইসলামের দৃষ্টিতে মারাত্মক গোনাহ ও অন্যায়।


