বিজয় দেবেরাকোন্ডা–রাশমিকার জমকালো রিসেপশন, তারকায় ভরা সন্ধ্যা
দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের রেশ কাটতে না কাটতেই হায়দরাবাদের একটি বিলাসবহুল হোটেলে আয়োজন করা হয় তাদের রাজকীয় রিসেপশন বা বিবাহোত্তর সংবর্ধনা। বুধবার (৪ মার্চ) রাতের এই আয়োজনে উপস্থিত ছিলেন ভারতের বিনোদন অঙ্গনের অনেক জনপ্রিয় তারকা।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন, চিরঞ্জীবী, রামচরণসহ দক্ষিণী চলচ্চিত্রের শীর্ষ তারকারা। পাশাপাশি বলিউডের নির্মাতা করণ জোহর ও অভিনেত্রী কৃতি শ্যাননও অনুষ্ঠানে যোগ দেন। বাবা নাগার্জুনের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন অভিনেতা নাগা চৈতন্য।
অনুষ্ঠানে নবদম্পতির সাজপোশাক ছিল বিশেষ আকর্ষণ। ঐতিহ্যের ছোঁয়ায় রাশমিকা মান্দানা সেজেছিলেন সোনালি জরির কাজ করা লাল রঙের শাড়িতে, যার পাড় ছিল কালো। সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র এবং খোঁপায় ফুলের সজ্জা তার সাজকে আরও আকর্ষণীয় করে তোলে। অন্যদিকে বিজয় দেবেরাকোন্ডাকে দেখা যায় দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী ঘিয়ে-সোনালি পাড়ের ধুতি ও কুর্তায়। পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে ক্যামেরায় পোজ দেন এই তারকা দম্পতি।
রিসেপশন অনুষ্ঠানে বিজয় দেবেরাকোন্ডার একটি মন্তব্য ভক্তদের মধ্যে নতুন কৌতূহল সৃষ্টি করেছে। তিনি জানান, রিসেপশনের আনুষ্ঠানিকতা শেষ করেই তিনি রাশমিকাকে নিয়ে ‘হারিয়ে’ যাবেন। তবে তারা কাজ থেকে বিরতি নিয়ে একান্ত সময় কাটাতে এমন পরিকল্পনা করছেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এদিকে জমকালো অনুষ্ঠানের মাঝেই এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিজয় ও রাশমিকা যখন উপস্থিত সংবাদকর্মী ও আলোকচিত্রীদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে বাইরে আসেন, তখন তাদের একনজর দেখতে ব্যাপক ভিড় ও হুড়োহুড়ি শুরু হয়। ভিড়ের চাপে রাশমিকা কিছুটা অস্বস্তিতে পড়লে বিজয় নিজেই ঢাল হয়ে স্ত্রীকে আগলে ধরেন। নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেলে তিনি ধৈর্যের সঙ্গে রাশমিকাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
বিজয়ের এমন দায়িত্বশীল আচরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তরা তার প্রশংসায় পঞ্চমুখ।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে সাতপাকে বাঁধা পড়ার পর থেকেই এই জুটিকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে রয়েছে।


