রয়টার্সের প্রতিবেদন
মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত
মোজতবা খামেনি সাম্প্রতিক হামলায় গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ মহলের কয়েকজন ব্যক্তি। বার্তাসংস্থা রয়টার্স –এর প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় তার মুখমণ্ডল ও পায়ে গুরুতর আঘাত লাগে এবং তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন।
সূত্রগুলোর দাবি, ওই হামলায় তার মুখমণ্ডল বিকৃত হয়েছে এবং একটি বা উভয় পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তার মানসিক সক্ষমতা অটুট রয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মোজতবা খামেনি অডিও কনফারেন্সের মাধ্যমে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নিচ্ছেন। এর মধ্যে চলমান সংঘাত এবং যুক্তরাষ্ট্র–এর সঙ্গে সম্ভাব্য আলোচনা ইস্যুও রয়েছে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
এদিকে, পাকিস্তান–এর রাজধানী ইসলামাবাদ–এ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের নেতৃত্বের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে।
রয়টার্স জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তিনি আহত হন। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন বলে দাবি করা হয়েছে, যদিও এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পরবর্তীতে ৮ মার্চ মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এরপর থেকে তিনি জনসমক্ষে আসেননি এবং তার কোনো ভিডিও বা ছবি প্রকাশ পায়নি।
এদিকে, পিট হেগসেথ দাবি করেছেন, মোজতবা খামেনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং পঙ্গুত্বের শিকার হতে পারেন। যদিও তার শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সিআইএ বা ইরান সরকার।
রয়টার্স উল্লেখ করেছে, এসব তথ্যের অনেকটাই একাধিক সূত্রের ওপর ভিত্তি করে পাওয়া গেলেও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

