বিশ্ববাজারে বাড়লো তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে আসা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে এবং ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতে দরপতন দেখা গেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা যায়। বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র ও ইরান-এর চলমান পরিস্থিতি নিয়ে আরও স্পষ্ট বার্তার অপেক্ষায় রয়েছেন।
বাজার বিশ্লেষকদের মতে, দীর্ঘস্থায়ী উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ বাড়ছে এবং বিনিয়োগকারীদের আস্থা দুর্বল হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম ৯০ ডলারের ওপরে অবস্থান করছে।
বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এখনও কাটেনি। ফলে যুদ্ধবিরতির ঘোষণা বিনিয়োগকারীদের পুরোপুরি আশ্বস্ত করতে পারেনি।
এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন নিরাপত্তা সূত্রের দাবি, সেখানে কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং কিছু জাহাজ জব্দ করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনার সুযোগ তৈরির লক্ষ্যে যুদ্ধবিরতির সময় বাড়ানোর কথা জানিয়েছেন। তবে একই সঙ্গে ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিতও দিয়েছেন।


