ভারত মহাসাগরে ইরানি তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র
ভারত মহাসাগরে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন বাহিনী।
বিবৃতিতে বলা হয়, ‘ম্যাজিস্টিক এক্স’ নামের জাহাজটি ভারত মহাসাগর থেকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন অভিযানের একটি ভিডিওও প্রকাশ করেছে, যেখানে হেলিকপ্টার থেকে নেমে সেনাদের জাহাজটির নিয়ন্ত্রণ নিতে দেখা যায়।
মার্কিন পক্ষ জানিয়েছে, ইরানকে সহায়তাকারী অবৈধ নেটওয়ার্ক ও সরবরাহ চেইন ঠেকাতে এ ধরনের সামুদ্রিক অভিযান আরও জোরদার করা হবে।
শিপ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, জাহাজটি ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা-এর মধ্যবর্তী জলসীমায় অবস্থান করছিল। এর আগে একই অঞ্চলে ‘টিফানি’ নামের আরেকটি জাহাজও জব্দ করেছিল মার্কিন বাহিনী।
গায়ানার পতাকাবাহী এই ট্যাংকারটির আগের নাম ছিল ‘ফনিক্স’। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জাহাজটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
এদিকে, সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে উত্তেজনা বেড়েছে। গত ১২ এপ্রিল ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র, যার পর থেকেই ইরান-সংশ্লিষ্ট জাহাজ আটক অভিযান জোরদার করা হয়েছে।
তবে এ ঘটনায় ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগের দিনই হরমুজ প্রণালিতে দুটি জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল ইরান।
সূত্র: এপি


