যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন
নিউজ ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি মারা গেছেন। গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ থাকার পর শনিবার তার মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তার মৃত্যুর খবর জানান। তিনি লেখেন, “আমার বোন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

নিহত নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে একই বিশ্ববিদ্যালয়ের আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, গত ১৬ এপ্রিল সকালে লিমনের অফ-ক্যাম্পাস বাসভবনে তাকে শেষবার দেখা যায়। এর প্রায় এক ঘণ্টা পর সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিল্ডিংয়ে বৃষ্টিকে শেষবারের মতো দেখা গিয়েছিল। পরে দীর্ঘ সময় যোগাযোগ না হওয়ায় এক বন্ধু পুলিশকে বিষয়টি জানালে তদন্ত শুরু হয়।

পরবর্তীতে শুক্রবার সকালে টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ব্যক্তির বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।