এবার হরমুজের নাম নিজের নামে রাখলেন ট্রাম্প, নতুন মানচিত্র প্রকাশ
ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি-এর নাম পরিবর্তন করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি মানচিত্র শেয়ার করেন ট্রাম্প, যেখানে হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘Strait of Trump’ লেখা দেখা যায়। ছবিটি তিনি কোনো ধরনের ক্যাপশন ছাড়াই পোস্ট করেন।
জানা গেছে, ছবিটি মূলত ‘IStandWithTrump47’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রথমে শেয়ার করা হয়েছিল, যেখানে জলপথটির প্রচলিত নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়।
এর আগে এক বক্তৃতাতেও ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দবন্ধ ব্যবহার করেছিলেন ট্রাম্প। সে সময় উপস্থিত দর্শকরা হাসলে তিনি মন্তব্য করেন, “গণমাধ্যম হয়তো এটিকে ভুল মনে করতে পারে, কিন্তু আমি খুব কমই ভুল করি।”
উল্লেখ্য, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা এখন হরমুজ প্রণালি-কেন্দ্রিক হয়ে উঠেছে। তেহরান প্রণালির নিয়ন্ত্রণ ও টোল আরোপের কথা বলছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র এই পথ আন্তর্জাতিকভাবে উন্মুক্ত রাখার পক্ষে অবস্থান নিয়েছে।
বিশ্লেষকদের মতে, এমন সংবেদনশীল সময়ে জলপথটির নাম পরিবর্তন নিয়ে এই ধরনের মন্তব্য ও পোস্ট আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।


