মেসির কারণে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস!
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ আসনে অপ্রত্যাশিত পরাজয়ের মুখ দেখেছেন রাজ্যের বিদায়ী মন্ত্রী ও তৃণমূলের হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাস।
সোমবার (৪ মে) ঘোষিত ফলাফল অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থী পাপিয়া অধিকারী-এর কাছে ৬,০১৩ ভোটে হেরে গেছেন তিনি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অরূপ বিশ্বাস পেয়েছেন ৮২,৩৯৪ ভোট। অন্যদিকে পাপিয়া অধিকারী পেয়েছেন ৮৮,৪০৭ ভোট, যা তাকে জয়ী করেছে।
গত নির্বাচনে প্রায় ৫০ হাজার ভোটে জয় পাওয়া অরূপ বিশ্বাসের এই পরাজয় রাজনৈতিক বিশ্লেষকদের কাছে বড় চমক হিসেবে দেখা হচ্ছে। তাদের মতে, এবারের নির্বাচনে ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) (সিপিএম) উল্লেখযোগ্য সংখ্যক ভোট টেনে নেওয়ায় তৃণমূলের ভোটব্যাংকে প্রভাব পড়েছে।
এছাড়া গত বছরের বহুল আলোচিত মেসি কলকাতা সফর-সংক্রান্ত বিতর্কও এই ফলাফলে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। সেই সময় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি কলকাতায় এলে যুবভারতী ক্রীড়াঙ্গন-এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, টিকিট থাকা সত্ত্বেও অনেক দর্শক মেসিকে দেখতে পারেননি, যা ফুটবলপ্রেমীদের মধ্যে ক্ষোভ তৈরি করে।
নির্বাচনের ফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই ‘মেসি-কাণ্ড’ টেনে এনে কটাক্ষ করছেন, যা এই পরাজয়কে আরও আলোচনায় নিয়ে এসেছে।


