বুশেহর পারমাণবিক কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ ফের শুরু, যোগ দিয়েছেন ২২০০ ইরানি
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ আবার শুরু হয়েছে। প্রকল্পে নতুন করে যোগ দিয়েছেন প্রায় ২ হাজার ২০০ ইরানি নির্মাণ শ্রমিক।
শুক্রবার (৮ মে) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান অ্যালেক্সি লিখাচেভ এ তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা তাস।
লিখাচেভ বলেন, “বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ধীরে ধীরে কাজের গতি ফিরছে। বর্তমানে দ্বিতীয় ইউনিটে রি-ইনফোর্সমেন্ট ও কংক্রিট ঢালাইয়ের কাজ চলছে।”
তিনি জানান, বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রেখেছে। পাশাপাশি প্রকল্প এলাকায় ইরানি শ্রমিকের সংখ্যা ক্রমাগত বাড়ছে।
রোসাটম প্রধান দাবি করেন, বুশেহর এলাকায় সামগ্রিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং কেন্দ্রের আশপাশে কোনো হামলার ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, বর্তমানে নির্মাণস্থলে রোসাটমের ২০ জন কর্মী অবস্থান করছেন। এছাড়া তেহরানে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে আরও চারজন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
অ্যালেক্সি লিখাচেভ বলেন, “ইরানে অবস্থানরত আমাদের সহকর্মীদের মনোবল ধরে রাখতে আমরা বিভিন্ন আয়োজন করছি। ৯ মে উদযাপন উপলক্ষে কর্মীদের আবাসস্থল সাজানো হয়েছে। শনিবার সন্ধ্যায় বুশেহরে থাকা রুশ কর্মীরাও উৎসবে অংশ নেবেন।”
বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি প্রকল্প, যা রাশিয়ার সহযোগিতায় নির্মিত ও পরিচালিত হচ্ছে।


