ইসলামী আন্দোলনের ঢাকা সিটির ২ মেয়র প্রার্থী ঘোষণা
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার বিকেলে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন-এ মেয়র প্রার্থী করা হয়েছে প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ-কে। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এ দলীয় প্রার্থী হয়েছেন শেখ ফজলুল করীম মারূফ।
দলীয় সূত্রে জানা গেছে, আতিকুর রহমান মুজাহিদ ব্যবসা ও প্রযুক্তি খাতের সঙ্গে সম্পৃক্ত। তিনি বিবিএস ও এমবিএ ডিগ্রি অর্জনের পাশাপাশি মাইক্রোসফট সার্টিফায়েড প্রফেশনাল (এমসিপি) এবং এমসিটিএস সনদ লাভ করেন। বর্তমানে তিনি টেকশোক ঢাকার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিকভাবে তিনি ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল থেকে উঠে এসে বর্তমানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এবং ইসলামী আন্দোলনের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে শেখ ফজলুল করীম মারূফ কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিস সম্পন্ন করার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।
তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।


