যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসতে পারে কয়েক ঘণ্টার মধ্যেই

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসতে পারে কয়েক ঘণ্টার মধ্যেই
নিউজ ডেস্ক
২২ মে ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে একটি খসড়া যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আসতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া। শুক্রবার (২২ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, খসড়া চুক্তিতে উভয় পক্ষের মধ্যে তাৎক্ষণিক, চূড়ান্ত ও নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব রাখা হয়েছে। যুদ্ধবিরতি স্থল, নৌ ও আকাশ—সব ধরনের সামরিক কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

খসড়া অনুযায়ী, সামরিক, বেসামরিক কিংবা অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে পারস্পরিক অঙ্গীকার থাকবে। পাশাপাশি সামরিক অভিযান বন্ধের পাশাপাশি প্রচারযুদ্ধ বা মিডিয়া যুদ্ধও বন্ধ করার শর্ত রাখা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া উভয় দেশ একে অপরের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেবে। গুরুত্বপূর্ণ জলপথ আরব সাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টিও খসড়ায় অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তি বাস্তবায়ন তদারকি এবং সম্ভাব্য বিরোধ নিষ্পত্তির জন্য একটি যৌথ পর্যবেক্ষণ ব্যবস্থা গঠনের প্রস্তাব রাখা হয়েছে। একইসঙ্গে চুক্তি কার্যকরের সাত দিনের মধ্যে বাকি অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার কথা বলা হয়েছে।

খসড়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, চুক্তির শর্তগুলো বাস্তবায়নের বিনিময়ে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহারের প্রস্তাব।

আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করার বিষয়টিও খসড়ায় উল্লেখ রয়েছে। উভয় পক্ষ আনুষ্ঠানিকভাবে চুক্তি ঘোষণা করলেই এটি কার্যকর হবে বলে জানা গেছে।