ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে ‘মধ্যযুগীয়’ বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞা: বিকেএম

রাজনীতি
ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে ‘মধ্যযুগীয়’ বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞা: বিকেএম
নিউজ ডেস্ক
২২ মে ২০২৬

ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে ‘মধ্যযুগীয়’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির দাবি, এ ধরনের মন্তব্য ইসলামি মূল্যবোধ ও ধর্মপ্রাণ মানুষের অনুভূতির প্রতি অবজ্ঞার শামিল।

শুক্রবার (২২ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ঢাকাস্থ সদস্যদের বৈঠকে এ মন্তব্য করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মাওলানা ইউসুফ আশরাফ এবং পরিচালনা করেন মাওলানা জালালুদ্দীন আহমদ।

সভাপতির বক্তব্যে মাওলানা ইউসুফ আশরাফ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে। তিনি দাবি করেন, বিচারহীনতা ও অপরাধ দমনে ব্যর্থতার কারণেই জনগণের মধ্যে কঠোর বিচারের দাবি জোরালো হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, সাম্প্রতিক আলোচিত রামিসা হত্যা মামলায় ভুক্তভোগী পরিবারের প্রতিক্রিয়া বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতার প্রতিফলন। জনগণের এ অনুভূতিকে ‘মধ্যযুগীয়’ বলে আখ্যায়িত করা সমস্যার সমাধান নয় বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে নেতারা বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তেরও সমালোচনা করেন। তাদের মতে, বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে থাকলে অধস্তন আদালতের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

এ সময় বিচার বিভাগের জন্য পৃথক প্রশাসনিক কাঠামো বহাল রাখা, আদালতের অবকাঠামোগত উন্নয়ন, বিচারক সংকট নিরসন এবং মামলার জট কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে ধর্ষণসহ গুরুতর অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান খেলাফত মজলিস নেতারা।