যুদ্ধের মধ্যেও এবার বেড়েছে হজযাত্রীর সংখ্যা
মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেও এ বছরের হজে অংশ নিতে সৌদি আরবে বিদেশি হজযাত্রীর সংখ্যা বেড়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখ ১৮ হাজারের বেশি হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।
গত বছরের তুলনায় এবারের উপস্থিতি কিছুটা বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী কয়েক দিনে আরও হজযাত্রী পৌঁছানোর সম্ভাবনা থাকায় মোট সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
ইতোমধ্যে হজযাত্রীরা মক্কা থেকে মিনার তাঁবু নগরীর দিকে যাত্রা শুরু করেছেন। এর মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিক কার্যক্রমও শুরু হয়েছে।
এ বছর আঞ্চলিক অস্থিরতা ও নিরাপত্তা শঙ্কা থাকা সত্ত্বেও বিশ্বের নানা প্রান্ত থেকে মুসলমানরা হজ পালনে অংশ নিয়েছেন। অনেক হাজি জানিয়েছেন, ধর্মীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা ভয় বা অনিশ্চয়তাকে গুরুত্ব দেননি।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতি ও আকাশপথে কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বড় পরিসরে হজ আয়োজন সফলভাবে এগিয়ে নেওয়া আন্তর্জাতিক সমন্বয় ও বিমান চলাচল ব্যবস্থার কার্যকারিতার প্রমাণ।


