‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে এনসিপির সঙ্গে আলোচনা করা হয়নি’
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তি নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আপত্তি তুলেছে। দলটির দাবি, চুক্তি হওয়ার আগে তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ করা হয়নি।
মঙ্গলবার (২৬ মে) রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ অভিযোগ করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পাদনের সময় বিষয়টি সম্পর্কে এনসিপিকে অবহিত করা হয়নি। যদিও সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছে।
আসিফ মাহমুদ দাবি করেন, নির্বাচনের মাত্র তিন দিন আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর মাধ্যমে চুক্তিটি সম্পন্ন করা হয় এবং পরে সেটির দায় অন্তর্বর্তী সরকারের ওপর চাপানোর চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, বর্তমানে খলিলুর রহমান বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সে হিসেবে বিএনপির সম্পৃক্ততায় এই চুক্তি হয়েছে বলে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে তা বাতিল করারও দাবি জানান তিনি।
এনসিপির মুখপাত্রের ভাষ্য, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের সময় বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—এ নিয়েও জনমনে নানা প্রশ্ন রয়েছে।


