রাশিয়ার হামলায় একদিনে ১৩২০ ইউক্রেনীয় সেনা নিহত

রাশিয়ার হামলায় একদিনে ১৩২০ ইউক্রেনীয় সেনা নিহত
নিউজ ডেস্ক
৩১ মে ২০২৬

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এক হাজার ৩২০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) প্রকাশিত এক সামরিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুশ কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, ইউক্রেনে চলমান সামরিক অভিযানের বিভিন্ন ফ্রন্টে পরিচালিত হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। বিশেষ করে পূর্বাঞ্চলীয় ফ্রন্টে ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, পূর্বাঞ্চলে ৪৫৫ জনের বেশি, কেন্দ্রীয় অঞ্চলে ৩৪০ জনের বেশি এবং উত্তরাঞ্চলে প্রায় ২০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এছাড়া পশ্চিম, দক্ষিণ ও দনিপ্রোমুখী এলাকাগুলোতেও উল্লেখযোগ্য সংখ্যক সেনা হতাহতের দাবি করেছে মস্কো।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

একই সময়ে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের কয়েকটি নির্দেশিত বোমা, একটি হিমার্স রকেট এবং শতাধিক ড্রোন ভূপাতিত করেছে বলেও জানানো হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের সাম্প্রতিক হামলার জবাবে দেশটির সামরিক অবকাঠামো, বিমানঘাঁটি, জ্বালানি ও পরিবহন স্থাপনায় দূরপাল্লার অস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এসব অভিযানে নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

তবে রাশিয়ার এসব দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাধীনভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির এই পরিসংখ্যান যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের বিপুল সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি পুনর্ব্যক্ত করেছে মস্কো। তবে যুদ্ধরত দুই পক্ষই নিয়মিতভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির যে তথ্য প্রকাশ করে, সেগুলোর অনেক ক্ষেত্রেই স্বাধীন যাচাই কঠিন হয়ে পড়ে।