ভারতের ভূখণ্ড আমাদের দখলেও আছে: বালেন শাহ

ভারতের ভূখণ্ড আমাদের দখলেও আছে: বালেন শাহ
নিউজ ডেস্ক
১ জুন ২০২৬

ভারত যেমন নেপালের কিছু ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে, তেমনি নেপালও ভারতের কিছু ভূখণ্ড নিজেদের দখলে রেখেছে বলে মন্তব্য করেছেন কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ। একইসঙ্গে দুই দেশের দীর্ঘদিনের সীমান্ত বিরোধের সমাধানে যুক্তরাজ্যেরও সম্পৃক্ততা কামনা করেছেন তিনি।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, রোববার (৩১ মে) নেপালের পার্লামেন্টে সীমান্ত ইস্যু নিয়ে আলোচনার সময় বালেন্দ্র শাহ এ মন্তব্য করেন। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে তিনি জানতে পেরেছেন যে সীমান্ত বিরোধটি একপাক্ষিক নয়; বরং দুই দেশের পক্ষেই দাবি ও পাল্টা দাবি রয়েছে। তাই এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা এবং পারস্পরিক আলোচনার প্রয়োজন রয়েছে।

লিপুলেখ ও লিম্পিয়াধুরা অঞ্চল নিয়ে চলমান বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, কূটনৈতিক সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। এ জন্য উভয় দেশের সরকার ইতিহাসবিদ, জরিপকারী এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞদের নিয়ে একটি যৌথ দল গঠন করতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বালেন্দ্র শাহ আরও বলেন, সীমান্ত বিরোধের ঐতিহাসিক সূত্র ব্রিটিশ শাসনামলের মানচিত্র ও সীমারেখার সঙ্গে জড়িত। সে কারণে যুক্তরাজ্যেরও বিষয়টিতে আগ্রহ দেখানো উচিত।

প্রতিবেদন অনুযায়ী, নেপাল ইতোমধ্যে ভারত সরকারের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠিয়েছে। এখন দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান খোঁজা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।