মোজতবা খামেনির সঙ্গে এক সময় দেখা করব: ট্রাম্প
ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনির সঙ্গে ভবিষ্যতে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো বৈঠক হয়নি, তবে সুযোগ তৈরি হলে তিনি অবশ্যই দেখা করতে চান।
বুধবার (৩ জুন) নিউইয়র্ক পোস্টের জনপ্রিয় পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ অংশ নিয়ে ট্রাম্প এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় মোজতবা খামেনির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি মনে করেন। তার ভাষায়, ইরানের জনগণ মোজতবাকে যথেষ্ট সম্মান করে এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তার সম্মতি গুরুত্বপূর্ণ।
ট্রাম্প বলেন, “আমি তার সঙ্গে এখনো দেখা করিনি। তবে সুযোগ হলে অবশ্যই দেখা করতে চাই। আমি বিভিন্ন নেতার সঙ্গে সরাসরি আলোচনা করতে পছন্দ করি, মোজতবার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।”
ইরানের সঙ্গে চলমান যোগাযোগ ও আলোচনার অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দুই পক্ষের মধ্যে বোঝাপড়া ইতিবাচকভাবে এগোচ্ছে এবং আলোচনার ধারাবাহিকতা বজায় রয়েছে।
মোজতবা খামেনির সঙ্গে সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে এমন একটি সাক্ষাৎ হতে পারে, তবে তা নির্ভর করবে চলমান আলোচনা ও সম্ভাব্য চুক্তির অগ্রগতির ওপর।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরানে সংঘটিত এক সামরিক অভিযানের পর দেশটির রাজনৈতিক নেতৃত্বে বড় পরিবর্তন আসে। এরপর মোজতবা খামেনি সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন। শুরুতে তাকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে সংশয় থাকলেও বর্তমানে তার সঙ্গে সরাসরি সংলাপের আগ্রহ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র: নিউইয়র্ক পোস্ট


