ইসলামী ব্যাংকের অতীত অনিয়মের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি
ইসলামী ব্যাংকের অতীত অনিয়মের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
১০ জুন ২০২৬

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অতীত কর্মকাণ্ড, ঋণ বিতরণ, নিয়োগ প্রক্রিয়া এবং বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, কোনো প্রতিষ্ঠান ধর্মীয় পরিচয়ের আড়ালে জবাবদিহিতা এড়াতে পারে না এবং ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় তদন্ত পরিচালনা করা হবে।

মঙ্গলবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ইসলামী ব্যাংকের মালিকানা, ব্যবস্থাপনা এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ সংশ্লিষ্ট একটি প্রস্তাবের আলোচনায় বক্তব্য রাখেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে ব্যাংকটির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ঋণ জালিয়াতি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ, পদোন্নতি এবং অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় তদন্ত করবে এবং যেখানেই অনিয়মের প্রমাণ পাওয়া যাবে সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি দাবি করেন, ব্যাংকটির ব্যবস্থাপনায় পরিবর্তনের আগে ও পরে বিভিন্ন সময়ে বিতরণ করা ঋণ, পল্লী উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল ব্যবহারের বিষয়েও প্রশ্ন রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

ব্যাংকের সাবেক ও বর্তমান ব্যবস্থাপনা নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গে মন্ত্রী বলেন, বৈধ ও প্রকৃত শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা করা হবে। তদন্তে প্রকৃত মালিকানা নিশ্চিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় আইনগত ক্ষমতা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সেই ক্ষমতা প্রয়োগ করে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে।

তিনি জানান, অতীতে দেশের বিভিন্ন খাত থেকে অর্থ পাচারের যে অভিযোগ রয়েছে, সেগুলোরও তদন্ত অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনের ঊর্ধ্বে নয় এবং আর্থিক খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।

সংসদে অনুষ্ঠিত এ আলোচনায় সরকারি ও বিরোধী দলের সদস্যরা ব্যাংক খাতের সুশাসন, আমানতকারীদের নিরাপত্তা এবং আর্থিক খাতের সংস্কার নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।