সীমান্ত ও পুশইন ইস্যুতে ভারতের প্রতি আলালের বার্তা

রাজনীতি
সীমান্ত ও পুশইন ইস্যুতে ভারতের প্রতি আলালের বার্তা
নিউজ ডেস্ক
১৪ জুন ২০২৬

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান, মর্যাদা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে। সীমান্ত পরিস্থিতি ও পুশইন ইস্যুতে তিনি ভারতের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেন।

রোববার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ এবং আগতদের সম্মান করতে জানে। তবে দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ সবসময় সচেতন এবং প্রয়োজনীয় অবস্থান নিতে সক্ষম।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ সেই সহযোগিতাকে সম্মানের সঙ্গে স্মরণ করে। তবে বর্তমান সম্পর্কেও পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তি বজায় রাখা প্রয়োজন।

সীমান্তে পুশইন প্রসঙ্গে আলাল বলেন, এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করতে পারে। তিনি এ বিষয়ে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

এ সময় তিনি ভারতে সংখ্যালঘু মুসলমানদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং মানবাধিকার ও ধর্মীয় সহনশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।