সৌদি আরবে শুটিং করতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন হলিউড অভিনেতা

সৌদি আরবে শুটিং করতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন হলিউড অভিনেতা
নিউজ ডেস্ক
২৩ জুন ২০২৬

হলিউডের জনপ্রিয় অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি করেছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান এবং একটি ভিডিওও শেয়ার করেন।

শনিবার এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে প্রকাশিত পোস্টে তুর্কি আল-শেখ বলেন, সৌদি আরবে ‘৭ ডগজ’ চলচ্চিত্রের শুটিং চলাকালে এসপোসিতো ইসলাম গ্রহণ করেন। পরে তিনি প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে একটি মসজিদে নামাজ আদায় করেন বলেও উল্লেখ করা হয়।

বর্তমানে ৬৮ বছর বয়সী এই মার্কিন অভিনেতা ‘৭ ডগজ’ সিনেমার শুটিংয়ের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। ছবিটিতে মিসরের জনপ্রিয় তারকা আহমেদ ইজ ও করিম আবদেল আজিজের পাশাপাশি আরও কয়েকজন আন্তর্জাতিক অভিনেতাও রয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সৌদি আরবে অবস্থানকালে মুসলিম সমাজের আন্তরিকতা, সংস্কৃতি ও আতিথেয়তা এসপোসিতোর মনে গভীর ছাপ ফেলেছে। তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নিজের অভিজ্ঞতাকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন।

ইতালীয় ও আফ্রো-আমেরিকান বংশোদ্ভূত জিয়ানকার্লো এসপোসিতো অভিনয়জগতে পাঁচ দশকেরও বেশি সময় ধরে সক্রিয়। অল্প বয়সেই ব্রডওয়ের ‘ম্যাগি ফ্লিন’ মিউজিক্যালে অভিনয়ের মাধ্যমে তাঁর ক্যারিয়ার শুরু হয়। পরে স্পাইক লির ‘ডু দ্য রাইট থিং’, ‘স্কুল ডেজ’, ‘মো বেটার ব্লুজ’ ও ‘ম্যালকম এক্স’-এর মতো আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রশংসা অর্জন করেন।

তবে বিশ্বব্যাপী তাঁর সবচেয়ে জনপ্রিয় চরিত্র ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের গাস ফ্রিঞ্জ। শান্ত স্বভাবের এক রেস্তোরাঁ ব্যবসায়ীর আড়ালে ভয়ংকর মাদকচক্রের নিয়ন্ত্রকের চরিত্রে অভিনয় করে তিনি টেলিভিশন ইতিহাসের অন্যতম স্মরণীয় খলনায়ক হিসেবে স্বীকৃতি পান। পরবর্তীতে ‘বেটার কল সল’, ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ এবং ‘দ্য বয়েজ’সহ একাধিক জনপ্রিয় প্রযোজনায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।