ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ
দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং ভবিষ্যৎ যুদ্ধের ধরন বিবেচনায় ভারতীয় সেনাবাহিনীকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহিনীতে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ।
তিনি বলেন, বর্তমান বিশ্বে নিরাপত্তা চ্যালেঞ্জ দ্রুত বদলে যাচ্ছে। এ বাস্তবতায় ভবিষ্যতের যুদ্ধ মোকাবিলায় সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং সমন্বিত সামরিক প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
ভারতীয় সেনাবাহিনীকে একটি ‘যুদ্ধপ্রস্তুত ও অভিজ্ঞ বাহিনী’ হিসেবে উল্লেখ করে জেনারেল ধীরাজ শেঠ বলেন, প্রচলিত সামরিক কৌশলের পাশাপাশি প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের অপরিহার্য দাবি। পরিবর্তিত যুদ্ধ বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে বাহিনীকে আরও কার্যকর ও প্রস্তুত রাখতে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতের নিরাপত্তা পরিবেশে সফল হতে হলে শুধু জনবল নয়, প্রযুক্তিগত উৎকর্ষ, উদ্ভাবনী সক্ষমতা এবং বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বিত কার্যক্রম নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।


