জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদ ইসলামের
জুলাই সনদ গণভোটের রায়ের আলোকে বাস্তবায়ন না করলে সরকারবিরোধী গণআন্দোলন, এমনকি গণঅভ্যুত্থানের কর্মসূচিতে যেতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, বরিশাল থেকে কর্মসূচির সূচনা হলেও পরবর্তীতে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ধারাবাহিক কর্মসূচি চালানো হবে।
তিনি বলেন, সরকার যদি গণভোটের রায়ের প্রতিফলন হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে আন্দোলন আরও কঠোর হবে। প্রয়োজনে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থানের পথেও যেতে বাধ্য হবে বিরোধী জোট।
হরতাল-অবরোধের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, এখন পর্যন্ত তারা এ ধরনের কর্মসূচি ঘোষণা করেননি। তবে প্রয়োজন হলে হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে। তার দাবি, সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকাণ্ড দেশকে সেই পরিস্থিতির দিকেই ঠেলে দিচ্ছে।
নাহিদ ইসলাম আরও বলেন, গণভোটে বিপুলসংখ্যক মানুষ সংস্কারের পক্ষে মত দিলেও সরকার এখনো জুলাই সনদের বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়নি। একদিকে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, অন্যদিকে তা কার্যকর হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।


