বাণিজ্যিক ব্রেইন-কম্পিউটার ইন্টারফেসে নতুন ইতিহাস গড়ল চীন
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহারে নতুন অগ্রগতির দাবি করেছে চীন। দেশটির সাংহাইয়ে প্রথমবারের মতো নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনপ্রাপ্ত একটি ব্রেইন চিপ সফলভাবে একজন রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে পরীক্ষামূলক ধাপ পেরিয়ে প্রযুক্তিটি চিকিৎসাসেবায় ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
চীনা গণমাধ্যমের দাবি, এই অগ্রগতির ফলে বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে দেশটি ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিংকের চেয়েও এগিয়ে গেছে।
সাংহাইয়ের ফুদান বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট হুয়াশান হাসপাতালে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। প্রায় এক দশক আগে সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর আঘাত পাওয়া ওই রোগী দীর্ঘদিন পুনর্বাসন চিকিৎসা নিয়েও হাতের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরে পাননি। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাকে নতুন প্রযুক্তির এই পরীক্ষামূলক চিকিৎসার জন্য নির্বাচন করে।
রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে ‘নিও’ (Nio) নামে একটি ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস সিস্টেম, যা সাংহাইভিত্তিক একটি প্রযুক্তি প্রতিষ্ঠান তৈরি করেছে। অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, প্রতিস্থাপিত চিপটি সফলভাবে উচ্চমানের মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেত সংগ্রহ ও বিশ্লেষণ করতে সক্ষম হয়েছে। চিকিৎসকদের আশা, ভবিষ্যতে এই প্রযুক্তির মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ত বা স্নায়বিক জটিলতায় আক্রান্ত রোগীদের চলাফেরা ও বিভিন্ন যন্ত্র নিয়ন্ত্রণের সক্ষমতা বাড়ানো সম্ভব হবে।
তবে চীনা গণমাধ্যমে নিউরালিংকের তুলনায় এগিয়ে থাকার দাবি করা হলেও, এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা আন্তর্জাতিক মূল্যায়ন এখনো প্রকাশিত হয়নি।


