চুয়াডাঙ্গার প্রায় সাড়ে ১৩ কোটি টাকার ৩৯ পিচ স্বর্ণের বারসহ ১ পাচারকারী আটক

দেশজুড়ে
চুয়াডাঙ্গার  প্রায় সাড়ে ১৩ কোটি টাকার ৩৯ পিচ স্বর্ণের বারসহ ১ পাচারকারী আটক
৪ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা মূল্যের ৩৯টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটক রবিউল ইসলাম দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।

শনিবার (১ আগস্ট) বিকেলে দর্শনা সীমান্তের পারকেষ্টপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারেন, পারকেষ্টপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচারের চেষ্টা করা হবে।

এ তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে একটি মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যাওয়ার সময় রবিউল ইসলামকে আটক করেন বিজিবি সদস্যরা।

পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ইসলাম বিজিবিকে জানিয়েছেন, উদ্ধার হওয়া স্বর্ণের চালানটি ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলেন।

আটক রবিউল ইসলাম ও জব্দ করা মোটরসাইকেলটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে উদ্ধার হওয়া স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় স্বর্ণ পাচার ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।