ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

রাজনীতি
ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর
৪ আগস্ট ২০২৬

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর দাবি করেছেন, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘিরে বিভ্রান্তিকর ভিডিও ও ফটোকার্ড ছড়িয়ে বিভিন্নভাবে প্রচারণা চালানো হচ্ছে।

সোমবার (৩ আগস্ট) ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, “ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী? না। বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত। এখন বিভিন্নভাবে ভিডিও বের হচ্ছে। সরকারি দলের নেতা কিংবা যারা আমাদের জোটে আছেন, তাদের নিয়ে নানা ধরনের ফটোকার্ড ও ভিডিও তৈরি করা হচ্ছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণ এখন আন্দোলন-সংগ্রামকেন্দ্রিক রাজনীতি পছন্দ করছে না। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসও পূর্ণ হয়নি; এর মধ্যেই সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “সরকার যদি দায়িত্ব ছেড়ে দেয়, তাহলে দেশ ও রাষ্ট্র কে পরিচালনা করবে? এই মুহূর্তে যে ভূরাজনৈতিক সংকট চলছে, তা মোকাবিলা করে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বিএনপি সরকারের বাইরে কোনো বিকল্প নেই।”

এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে কঠোর সমালোচনা করেন নুরুল হক নুর। তিনি অভিযোগ করেন, এনসিপি বর্তমানে দেশের রাজনীতিতে ‘বিষফোঁড়া’ হয়ে উঠেছে এবং দলটির কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, “এনসিপি এখন বিরোধী দলে আছে। তাদের রাজনীতি শিখতে হবে। নিজেদের বুদ্ধি ও শক্তিতে তারা রাজনীতি করছে না। আন্দোলনের শেষ পর্যায়ে ফ্যাসিবাদের পতন প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পর একটি বিদেশি গোষ্ঠী তাদের ওপর ভর করেছে।”

তিনি আরও অভিযোগ করেন, ওই গোষ্ঠী এনসিপিকে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সরকারকে চাপের মুখে রেখে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে।

নুরুল হক নুর বলেন, “এনসিপি এখন রাজনীতিতে বিষফোঁড়ায় পরিণত হয়েছে। দেশের নতুন সংকট এড়াতে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”