সিলেটে নতুন করে একজনের করোনাভাইরাস শনাক্ত

দেশজুড়ে
সিলেটে নতুন করে একজনের করোনাভাইরাস শনাক্ত
১০ আগস্ট ২০২৬

দীর্ঘ প্রায় ১৪ মাস পর সিলেটে আবারও করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি জেলার বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগের চিকিৎসার জন্য ওই ব্যক্তি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তার এনজিওগ্রাম করার পাশাপাশি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করা হয়। পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়লে তাকে পরবর্তী চিকিৎসার জন্য শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রায় ১৪ মাস পর নতুন রোগী শনাক্ত

সিলেটে এর আগে সর্বশেষ গত বছরের ১৫ জুন দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ সময় নতুন করে করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি। প্রায় ১৪ মাস পর এবার আবারও একজনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হলো।

করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বজুড়ে ২০১৯ সালের শেষদিকে শুরু হলেও ২০২০ সালে সিলেটেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই বছরের ৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে সিলেটে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সেদিন মারা যান চিকিৎসক ডা. মঈন উদ্দিন।

পরবর্তী সময়ে সিলেটজুড়ে সংক্রমণ বাড়তে থাকে। বিশেষ করে ২০২১ সালে করোনাভাইরাসের ডেল্টা ধরন ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে সংক্রমণ ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এতে স্বাভাবিক জনজীবনেও বড় ধরনের প্রভাব পড়ে।

তবে ২০২১ সালের শেষদিক থেকে ধীরে ধীরে সিলেটে করোনার সংক্রমণ ও প্রকোপ কমতে শুরু করে।

সিলেটে করোনায় মৃত্যু ১২০০ ছাড়িয়েছে

সিলেট বিভাগে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে সিলেট জেলায়। বিভাগে করোনায় মোট মৃত্যুর বড় একটি অংশই এই জেলায় রেকর্ড করা হয়েছে।

দীর্ঘ সময় পর নতুন করে করোনা শনাক্ত হওয়ায় স্বাস্থ্যসংশ্লিষ্টরা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছেন।