ওসমান হাদি নির্বাচনী সহিংসতার শিকার না: রিজভী

রাজনীতি
ওসমান হাদি নির্বাচনী সহিংসতার শিকার না: রিজভী
১০ আগস্ট ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনী সহিংসতার কারণে নিহত হননি, বরং তিনি ভারত থেকে পরিচালিত ফ্যাসিবাদী ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার সকালে রাজধানীর সিরডাপে মানবাধিকার সংস্থা অধিকার আয়োজিত নির্বাচন সহিংসতা পর্যবেক্ষণের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, নির্বাচনকালীন সময়ে দেশে প্রাণহানি ও সামাজিক সংঘাতের ঘটনা ঘটেছে। তবে শতভাগ সহিংসতামুক্ত নির্বাচন বাস্তবায়ন করা কঠিন। তার দাবি, ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের ইতিহাসের অন্যান্য নির্বাচনের তুলনায় তুলনামূলকভাবে ভালো হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ওসমান হাদি হত্যার প্রসঙ্গে তিনি বলেন, এটি নির্বাচনী সহিংসতার ঘটনা নয়। তার অভিযোগ, ওসমান হাদি ভারত থেকে ফ্যাসিবাদী ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক ও সামাজিক মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্ব দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং আইনের শাসন নিশ্চিত করা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রিজভী আরও বলেন, আগের সরকার দেশকে ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল। ওই সময়ে অর্থপাচার, দুর্নীতি ও নির্যাতনের মতো বিভিন্ন কর্মকাণ্ড হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, অতীতের পরিস্থিতিতে যেন দেশ আর ফিরে না যায়, সেটিই মানুষের প্রত্যাশা। একই সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বাধীন ও কার্যকর দেখতে চায় জনগণ।

অনুষ্ঠানে নির্বাচনকালীন সহিংসতার বিভিন্ন দিক তুলে ধরে মানবাধিকার সংস্থা অধিকার তাদের চূড়ান্ত পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে।