সরকারের ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
সরকারের ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১৭ আগস্ট ২০২৬

সরকারের দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে জনগণের প্রত্যাশা পূরণে পরিস্থিতিকে আরও স্থিতিশীল ও সুসংহত করতে সময় প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তার বক্তব্যের বিস্তারিত তুলে ধরা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর ১৮০ দিনে বিভিন্ন সংস্কার ও আইনশৃঙ্খলা রক্ষায় একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা কার্যক্রমও এই সময়ে প্রশংসা পেয়েছে বলে দাবি করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর অভ্যন্তরীণ চ্যালেঞ্জের পাশাপাশি বৈশ্বিক নানা সংকটের মুখোমুখি হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও গ্যাসের ওপর চাপ তৈরি হলেও দেশের পরিস্থিতি বিবেচনায় সরকার তাৎক্ষণিকভাবে জ্বালানি তেলের দাম বাড়ায়নি।

বোরো মৌসুমে কৃষকদের ওপর বাড়তি চাপ এড়াতে প্রায় এক মাস জ্বালানির দাম সমন্বয় না করার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনায় সহনীয় পর্যায়ে মূল্য সমন্বয় করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

দীর্ঘদিনের গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে জানিয়ে তিনি বলেন, শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য এবং বিদেশি বিনিয়োগ ধরে রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শনের পর সেখানে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সামিট ও অ্যাকসিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহে যে বিঘ্ন তৈরি হয়, তা কমাতে আরও কয়েকটি এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য স্থান নির্ধারণে জরিপ চলছে।

দেশের গ্যাসের ওপর আমদানিনির্ভরতা কমাতে স্থলভাগের পাশাপাশি অফশোর ও অনশোর এলাকায় নতুন গ্যাস অনুসন্ধান শুরু হয়েছে বলেও জানান তিনি। আগামী কয়েক বছরের মধ্যে গ্যাস সংকট মোকাবিলায় স্থায়ী সমাধানের আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, ধর্মীয় কর্মকর্তা এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেওয়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি চালু করা হয়েছে।

ক্রীড়াবিদ ও সংস্কৃতিবিদদের রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্যও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

খাদ্যনিরাপত্তার বিষয়েও সরকারের সাফল্যের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়োপযোগী নীতি ও সিদ্ধান্তের ফলে দেশে খাদ্যশস্যের নিরাপদ মজুত গড়ে তোলা সম্ভব হয়েছে।

সরকারের প্রথম ১৮০ দিনে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকাণ্ড এবং অর্জনের সমন্বিত বিবরণী শিগগিরই প্রধানমন্ত্রীর প্রেস উইং অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।