রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

অন্যান্য
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
১৮ আগস্ট ২০২৬

জাতীয় সংসদে দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেওয়ার বিধানসংবলিত সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজের আদেশ দেন।

গত ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন। শুনানিতে তিনি নিজেই রিটকারীর পক্ষে আইনজীবী হিসেবে অংশ নেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।

রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদকে সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করার পাশাপাশি আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন জানানো হয়েছিল।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে কিংবা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হবে। দলীয় মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার ক্ষেত্রে এই সাংবিধানিক বিধান কার্যকর রয়েছে।

এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিলের বৈধতাও রিটে চ্যালেঞ্জ করা হয়েছিল।

এটি সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দের দ্বিতীয় রিট। এর আগে ২০১৮ সালেও তিনি একই অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন। পরবর্তীতে হাইকোর্টের একটি একক বেঞ্চ ওই রিট খারিজ করে দেন।