দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নির্বাচনে সংসদ সদস্যদের ২৫৫টি ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট।
এর মাধ্যমে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের দায়িত্ব নিতে যাচ্ছেন সদ্য সাবেক বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
দীর্ঘ সাড়ে তিন দশক পর সংসদীয় ব্যবস্থায় সংসদকক্ষে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। ১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থীর অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে সরকার পরিচালনাকারী দল বিএনপি থেকে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর থেকেই তাঁর জয় অনেকটা নিশ্চিত ছিল। সংবিধান অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায় নির্বাচনের ফলাফলের সমীকরণও আগে থেকেই স্পষ্ট ছিল।
ভোটগ্রহণকে কেন্দ্র করে জাতীয় সংসদে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের শুরুতেই সংসদকক্ষে উপস্থিত হন এবং সেখানে এক ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন। এ সময় তাঁর পাশের আসনে থাকা রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন সংসদ সদস্যের খোঁজখবর নেন।
বিকেল ৩টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী সংসদকক্ষ ত্যাগ করে নিজ কার্যালয়ে যান। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনা করা হয়।
পরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী ঘোষণা করেন।


