সিলেটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

দেশজুড়ে
সিলেটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
২২ আগস্ট ২০২৬

সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর থেকে সিলেটের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় বিপরীত দিক থেকে আসা পদ্মা অয়েল কোম্পানির তেলবাহী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দুর্ঘটনার পর স্থানীয়রা অটোরিকশার চালকসহ সাতজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। নিহত অপরজনের নাম লালন মিয়া।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ যায় এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। হতাহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা চলছে।