বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার

দেশজুড়ে
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার
২৫ আগস্ট ২০২৬

বরগুনার পাথরঘাটার হাইরের চরসংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর সাগর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ট্রলারটির মালিক ও মাঝি বাদল মোল্লা জানান, পাঁচ জেলের মরদেহ উদ্ধার করে একটি ট্রলার উপকূলের দিকে রওনা হয়েছে। পাথরঘাটায় পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।

এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ‘এফবি বরকত’ ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার সময় ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। পরে আটজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন পাঁচজন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নিহত পাঁচ জেলে হলেন—নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)। তাদের সবার বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল। জাল ফেলার প্রস্তুতির মধ্যে কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের ভেতরে ছিলেন। হঠাৎ তীব্র ঢেউ ও ঝড়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। পরে আট জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি মাছ ধরার ট্রলারে উঠে প্রাণে বাঁচেন।

নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রলার সমুদ্রে পাঠানো হয়। দীর্ঘ অনুসন্ধানের পর পাঁচ জেলের মরদেহের সন্ধান পাওয়া যায়।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর পাথরঘাটায় নিহত জেলেদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ উপকূলে পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনগত ও পারিবারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।