সরকারি দলের এমপিদের মতো বরাদ্দ পান না বিরোধীরা: জামায়াত আমির

রাজনীতি
সরকারি দলের এমপিদের মতো বরাদ্দ পান না বিরোধীরা: জামায়াত আমির
২৬ আগস্ট ২০২৬

সারাদেশে সরকারি বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বিরোধী দলের সংসদ সদস্যরা সরকারি দলের এমপিদের ধারে-কাছেও নেই বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

শফিকুর রহমান বলেন, সংসদের বাইরেও বৈষম্য পাকাপোক্ত হচ্ছে বলে তাদের কাছে মনে হচ্ছে। সরকারি বরাদ্দ কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়। অথচ নির্বাচনের আগে সরকারি দল বৈষম্য না করার এবং দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করার কথা বলেছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, দেশের শাসনব্যবস্থায় সরকারি দল ও বিরোধী দল—দুই পক্ষেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিরোধী দল ছাড়া গণতন্ত্র কার্যত শূন্য। তবে সংসদে বিরোধী দলের যে পাওনা, তার বড় অংশ থেকেই তারা বঞ্চিত হচ্ছেন।

জামায়াত আমির আরও বলেন, একটি দেশে বৈষম্য তৈরি হলে সামাজিক অসন্তোষ বাড়ে। স্থিতিশীল সমাজ প্রতিষ্ঠা ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। এ ধরনের পরিবেশ তৈরির প্রধান দায়িত্ব সরকারি দলের।

সংরক্ষিত নারী সংসদ সদস্যদের ক্ষেত্রেও বৈষম্যের অভিযোগ তোলেন তিনি। তার দাবি, সরকারি দলের সংরক্ষিত নারী সদস্যদের বিরোধী দলের এমপিদের আসনে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। এভাবে কোনো দেশ ও জাতি এগিয়ে যেতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় আন্দোলন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, তারা নিয়মতান্ত্রিকভাবে জনগণের দাবি ও গণভোটের রায় বাস্তবায়নের জন্য আন্দোলন করছেন। সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে তাদের রাজপথে নামতে হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে আর কোনো নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। বৈষম্যহীন বাংলাদেশ গঠনে জাতীয় নাগরিক পার্টিকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান জামায়াত আমির।

এর আগে এনসিপির কার্যালয়ে পৌঁছালে শফিকুর রহমানকে স্বাগত জানান দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সংরক্ষিত সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ দলের নেতারা। এ সময় জামায়াত আমিরের সঙ্গে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ ও প্রচার কমিটির সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।