অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের যেভাবে সুরক্ষা দেবে

অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের যেভাবে সুরক্ষা দেবে
২৯ আগস্ট ২০২৬

স্মার্টফোনে ব্যক্তিগত তথ্যের পরিমাণ দিন দিন বাড়ছে। ছবি, বার্তা, ব্যাংকিং তথ্য থেকে শুরু করে বিভিন্ন অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ তথ্য এখন ফোনেই সংরক্ষিত থাকে। ফলে ফোনের নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের উদ্বেগও বাড়ছে। এ পরিস্থিতিতে নতুন অ্যান্ড্রয়েড ১৭ সংস্করণে ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তা বাড়াতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

নতুন সংস্করণের অন্যতম বৈশিষ্ট্য হলো—কিছু নিরাপত্তা ব্যবস্থা ব্যবহারকারীকে প্রতিবার আলাদা করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়ার পরিবর্তে স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে। প্রযুক্তিবিষয়ক লেখক ক্যাথি হালদিনের মতে, কার্যকর গোপনীয়তা ব্যবস্থায় সাধারণ ঝুঁকির ক্ষেত্রে ব্যবহারকারীকে আগে থেকেই সুরক্ষা দেওয়া এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময়ই শুধু অনুমতি চাওয়া উচিত।

ওটিপিতে বাড়তি সুরক্ষা

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অ্যান্ড্রয়েড ১৭-তে ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি সুরক্ষায় পরিবর্তন আনা হয়েছে। এর আওতায় এসেছে ওয়েবওটিপি বার্তাও।

নতুন ব্যবস্থায় কোনো অ্যাপের বার্তা পড়ার অনুমতি থাকলেও নির্দিষ্ট ওয়েবসাইটের সঙ্গে সম্পর্কিত ওটিপি কোড হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করার সুযোগ সীমিত থাকবে। ফলে অন্য কোনো অ্যাপ গোপনে ভেরিফিকেশন কোড সংগ্রহ করে নেওয়ার আশঙ্কা কমবে।

বিশেষ করে বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টে লগইন বা পরিচয় যাচাইয়ের সময় ওটিপি গুরুত্বপূর্ণ হওয়ায় এই পরিবর্তন ব্যবহারকারীর নিরাপত্তায় বাড়তি স্তর তৈরি করতে পারে।

ফোন চুরি হলে স্বয়ংক্রিয় সুরক্ষা

স্মার্টফোন চুরি হয়ে গেলে যাতে সহজে সেটির লক ভাঙা না যায়, সেদিকেও নজর দিয়েছে অ্যান্ড্রয়েড ১৭।

নতুন সংস্করণে ‘থেফট ডিটেকশন লক’ এবং ‘রিমোট লক’-এর মতো সুরক্ষা ব্যবস্থা ডিফল্টভাবে সক্রিয় থাকার কথা বলা হয়েছে। এ ছাড়া ভুল পিন বা পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরও কঠোর করা হয়েছে। নির্দিষ্ট সংখ্যক ভুল চেষ্টার পর দীর্ঘ বিরতি থাকায় বারবার পাসওয়ার্ড চেষ্টা করে ফোনের নিরাপত্তা ভাঙার সুযোগ কমবে।

ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ থাকছে ব্যবহারকারীর হাতে

নিরাপত্তার কিছু বিষয় স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হলেও ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বজায় থাকছে।

লোকেশন, কনট্যাক্ট, ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ অনুমতির ক্ষেত্রে অ্যাপকে প্রয়োজনীয় অ্যাক্সেস দেওয়ার সিদ্ধান্ত ব্যবহারকারীই নিতে পারবেন।

অ্যান্ড্রয়েড ১৭-এর ‘প্রাইভেসি-ফোকাসড কনট্যাক্ট পিকার’ ব্যবস্থার মাধ্যমে কোনো অ্যাপকে পুরো অ্যাড্রেস বুকের তথ্য না দিয়ে প্রয়োজনীয় নির্দিষ্ট কনট্যাক্টের তথ্য বেছে নেওয়ার সুযোগ থাকবে। একইভাবে লোকেশন ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট সেশনের জন্য প্রয়োজনীয় অ্যাক্সেস দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

নিরাপত্তায় বড় পরিবর্তনের লক্ষ্য

অ্যান্ড্রয়েড ১৭-এর এসব পরিবর্তনের মূল লক্ষ্য হলো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষায় স্বয়ংক্রিয় নিরাপত্তা বাড়ানো এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যের ওপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বজায় রাখা।

ফলে ফোন চুরি, ওটিপি চুরি বা অ্যাপের অতিরিক্ত তথ্য সংগ্রহের মতো ঝুঁকি কমানোর পাশাপাশি ব্যবহারকারীর গোপনীয়তা ব্যবস্থাপনাও আরও সহজ করার চেষ্টা করা হয়েছে নতুন সংস্করণে।