কাপ্তাই হ্রদে পানির চাপ, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

দেশজুড়ে
কাপ্তাই হ্রদে পানির চাপ, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট
৩০ আগস্ট ২০২৬

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি দ্রুত বেড়ে যাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে।

এর আগে রাত ১০টার দিকে গেটগুলো খোলার কথা থাকলেও হ্রদের পানির উচ্চতা, উজান থেকে পানির প্রবাহ ও বৃষ্টিপাতের পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই জলকপাট খুলে দেওয়া হয়।

কর্তৃপক্ষ জানায়, শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। পরে পানি আরও বেড়ে রাতের দিকে প্রায় ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএলে পৌঁছায়। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। এর সঙ্গে স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে আরও প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়ায় নদীতে পানির প্রবাহ বাড়তে পারে।

এ অবস্থায় কাপ্তাই, রাঙামাটি ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।