কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

দেশজুড়ে
কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
৩০ আগস্ট ২০২৬

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের উগ্রতা, উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি কিংবা মাদক কারবারকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

শনিবার রাতে পটুয়াখালীর দশমিনায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সিলিং ফ্যান, ওয়াটার ফিল্টার ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জমি দখলের প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, ‘দলিল যার, জমি তার।’ যাদের ক্ষমতা ও প্রভাব রয়েছে, তারাই অনেক ক্ষেত্রে অন্যের জমি দখল করে নেয় বলে মন্তব্য করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, কারও নিজের এক একর জমি থাকলেও পাশের আরও জমি দখল করে ভোগ করার প্রবণতা দেখা যায়। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কে তাঁর সঙ্গে কাজ করেছেন কিংবা কার সঙ্গে তাঁর ছবি রয়েছে—এগুলো কোনো বিবেচনার বিষয় নয়। অপরাধ করলে পরিচয় বা রাজনৈতিক সম্পর্কের কারণে কেউ ছাড় পাবেন না।

তিনি আরও বলেন, এলাকায় গুন্ডামি, বদমাশি, চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়িত কেউ পার পাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ক্ষতিগ্রস্তদের সহায়তা

অনুষ্ঠানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সিলিং ফ্যান, ওয়াটার ফিল্টার ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহ আলম সিকদার, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন, মো. মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।