মা ও শিশুর স্বাস্থ্যসেবায় বাংলাদেশকে ২৪ লাখ ডলারের সহায়তা যুক্তরাষ্ট্রের

স্বাস্থ্য
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় বাংলাদেশকে ২৪ লাখ ডলারের সহায়তা যুক্তরাষ্ট্রের
৩১ আগস্ট ২০২৬

মা, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বাংলাদেশকে ২৪ লাখ ডলার মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা।

সোমবার (৩১ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাসের এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাস জানায়, পঞ্চগড় জেলা হাসপাতালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবাবিষয়ক একটি প্রশিক্ষণ মডেল সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

যুক্তরাষ্ট্রের এই সহায়তায় নবজাতকের শরীরের তাপমাত্রা বজায় রাখা এবং শ্বাসপ্রশ্বাসে সহায়তার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রয়েছে। পাশাপাশি গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজনীয় উপকরণও সরবরাহ করা হবে।

দুর্গম এলাকাসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এসব সরঞ্জাম ও উপকরণ পৌঁছে দেওয়া হচ্ছে। মার্কিন অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করছে এফএইচআই ৩৬০, ঝেপিগো, জেএসআই ও ইউনিসেফ।

মার্কিন দূতাবাস বলেছে, এই সহায়তার মাধ্যমে বাস্তবভিত্তিক অংশীদারত্বের আওতায় বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের উদ্ভাবন এগিয়ে নেওয়া হবে।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, উদ্যোগটি ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নেও সহায়ক হবে। একই সঙ্গে দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।